নবাবগঞ্জে ইউপি সদস্য লাঞ্ছিত, মা ও ভাতিজাকে মারধর
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আইয়ুব মোল্লাকে লাঞ্ছিত এবং তাঁর মা ও ভাতিজাকে সন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন দুপুরে উত্তর বালুখণ্ড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আইয়ুব মোল্লা অভিযোগ করেন, ওই দিন দুপুরে স্থানীয় বখাটে সাইফুলের নেতৃত্বে রুবেল, রাজীব, শাহ আলমসহ ১৩-১৪ জন চিহ্নিত সন্ত্রাসী উত্তর বালুখণ্ড বাসস্ট্যান্ড এলাকায় আজগর নামের এক ব্যক্তিকে
আটক করে মারধরের চেষ্টা চালায়। তখন আইয়ুব মোল্লা ঘটনা সম্পর্কে জানতে গেলে বখাটেরা তাঁকে লাঞ্ছিত করে। একপর্যায়ে আইয়ুবের সঙ্গে থাকা তাঁর মা ছাহেরা খাতুন (৬৫) ও ভাতিজা পিয়াস মোল্লা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও মারধর করে। গুরুতর আহত অবস্থায় ছাহেরা খাতুনকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মো. সাইফুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের মারধর করা হয়নি। ধস্তাধস্তির সময়ে বৃদ্ধা আহত হন।’
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘ঘটনাটি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’