নবাবগঞ্জে ইছামতীর তীর দখলের অভিযোগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট গোবিন্দপুর এলাকায় ইছামতী নদীর তীর দখলের অভিযোগ উঠেছে। গোপাল বর্মণ নামের স্থানীয় এক ব্যক্তি সপ্তাহখানেক ধরে সেখানে বাঁশ ও বেড়ার ঘের দিয়ে বালু ফেলে ভরাট করছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দপুর এলাকায় গিয়ে দেখা যায়, নতুন শ্মশানঘাট-সংলগ্ন ইছামতী নদীর তীরে চার-পাঁচ শতক জমি বাঁশ ও বেড়া দিয়ে ঘেরা হয়েছে। সেখানে বালু ফেলে ভরাট করা হচ্ছে। কাজ করছেন ১০-১২ জন শ্রমিক। নদীর তীরের জমি ভরাট করছেন কেন—এ প্রশ্নের জবাবে কয়েকজন বলেন, তাঁরা দিনমজুর হিসেবে কাজ করছেন। তবে মজুরির টাকা কে দিচ্ছেন তাঁর জবাব তাঁরা দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, এলাকাবাসী এই শ্মশানঘাট দিয়ে যাতায়াত করত। ছোট গোবিন্দপুর গ্রামের গোপাল বর্মণ কয়েক সপ্তাহ ধরে নদীর তীরে ওই জায়গা ভরাট করে দখলের চেষ্টা করছেন। ট্রাকে করে বালু এনে সেখানে ফেলা হচ্ছে।
অবৈধভাবে নদীর জমি দখলের অভিযোগ অস্বীকার করে গোপাল বর্মণ বলেন, ‘জায়গাটি আমার কেনা সম্পত্তি। চার বছর আগে সেখানে ৯ শতাংশ জমি কিনেছিলাম। এখন সেখানে বালু ফেলে ভরাট করছি।’
ইছামতী নদী বাঁচাও আন্দোলন কমিটির সিনিয়র সহসভাপতি শফিউর রহমান বলেন, ইছামতীর তীর দখলের অভিযোগ প্রায়ই শোনা যায়। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের এগিয়ে আসা উচিত। নদী দখলকারীদের প্রতিরোধ করতে না পারলে নদীকে বাঁচানো যাবে না।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী বলেন, ভরাটকৃত জায়গাটি পরিমাপ করে দেখা হবে। যদি নদীর জায়গায় ভরাট করা হয়ে থাকে, তবে তা উচ্ছেদ করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থাতেই নদীর জায়গা কাউকে দখল ও ভরাট করতে দেওয়া যাবে না।