নবাবগঞ্জে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের রাশেদুল ইসলাম নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। এ ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার কলাকোপা কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রাশেদুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় স্থানীয় চার বখাটে ওই বিদ্যালয়ের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় দশম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলাম প্রতিবাদ করলে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে। রাশেদুলের চিৎকার শুনে অন্য ছাত্ররা ঘটনাস্থলে এসে লিটন ও আলাল নামের দুই বখাটেকে আটক করে ধোলাই দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশে খবর দিলে পুলিশ ওই বখাটেদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই বখাটেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বখাটেদের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করে। কেরানীগঞ্জ সার্কেলের পুলিশ সুপার (এসপি) মো. জাকারিয়া অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে বখাটেদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, এ ঘটনায় রাশেদুলের বাবা আবদুর রশিদ বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছেন।