নবাবগঞ্জে ঈদগাহ মাঠ দখল করে ঘর তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টিনের ঘর তুলে ঈদগাহ মাঠ দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগলা ইউনিয়নের আগলা পূর্বপাড়া মিয়াবাড়ি জামে মসজিদের পূর্বদিকে ৩৫ শতাংশের একটি জমি এলাকাবাসী ঈদগাহ হিসেবে ব্যবহার করে আসছে। আরএস খতিয়ানেও জমিটি ঈদগাহের নামে অন্তর্ভুক্ত রয়েছে। এই জমি নিয়ে স্থানীয় মো. মতি, আবদুল লতিফ ও মো. রমিজ এবং মসজিদ কমিটির মধ্যে বিরোধ সৃষ্টি হলে এর জেরে মামলা হয়। মামলাটি আদালতে বিচারাধীন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ওই তিন ব্যক্তির নেতৃত্বে ১৫-২০ জন জমিটিতে টিনের ঘর তোলেন। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় অধিবাসী নাদিম বলেন, বিরোধপূর্ণ জমিটি ঈদগাহর নামে নথিভুক্ত। ওই ব্যক্তিরা আইন-আদালত উপেক্ষা করে ঘর নির্মাণ করেছেন।তবে অভিযোগ অস্বীকার করে আবদুল লতিফ বলেন, ‘বিচারাধীন জমি আমাদের কেনা। এর কাগজপত্রও রয়েছে।’থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে।