নবাবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামে গতকাল মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, পাঁচ বছর আগে বাহ্রা গ্রামের জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একই উপজেলার গাজীখালী গ্রামের পুষ্প আক্তারের বিয়ে হয়। জাহাঙ্গীর বিদেশে থাকেন। পুষ্প দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। পুষ্প ও তাঁর বাবা-মায়ের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন কারণে তাঁর ওপর নির্যাতন চালায়। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল পুষ্পর খালাতো ভাই মনোয়ার (৫০), ছোট ভাই আসলামসহ পাঁচ-ছয়জন বাহ্রা গ্রামে পুষ্পর শ্বশুরবাড়ি যান। আসলাম অভিযোগ করেন, আলোচনার একপর্যায়ে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে খলিলুর ও লুৎফরসহ ওই বাড়ির লোকজন তাঁদের ওপর হামলা চালায়। তাঁরা সবাই পালিয়ে আসতে পারলেও মনোয়ারকে পাওয়া যাচ্ছিল না। পথে একটি নদীর ধারে মনোয়ারকে পেয়ে তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক রাশেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।