নবাবগঞ্জে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ফতেহপুর মাড়াশ গ্রামে গতকাল শনিবার সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২) জানান, সীতাকোর্ট-সংলগ্ন তাঁদের আবাদি জমিতে দুই মাস আগে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে কয়েকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর আলম মুন্সি জানান, গ্রামবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলামের বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, তাঁর বাবা গতকাল শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়িতে বের হন। সকালে গ্রামবাসী আজমল হোসেনের বাড়িসংলগ্ন আমগাছে সিরাজুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারকে খবর দেন। সিরাজুলের ছোট ভাই সুলতান গিয়াস উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলী ও সদস্য জেকের আলী এবং গ্রামবাসী রুহুল আমিন ও নূর হোসেন জানান, সিরাজুলের মৃতদেহ গাছের নিচে অনেকটা বসা অবস্থায় ছিল, ঝোলানো ছিল না। লাশের সুরতহাল তৈরি করেছেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি জানান, সিরাজুলের মৃতদেহ অর্ধ ঝোলানো অবস্থায় পাওয়া গেছে।