নবাবগঞ্জে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুটি গ্রামে গত সোমবার দিবাগত রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা আহম্মদ খান (৪৫) নামের একজনকে পিটিয়ে আহত করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার বড় তাশুল্যা গ্রামের আহম্মদ খানের বাড়িতে হানা দেয়। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় আহম্মদ খান বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা পাশের ভাওয়াডুবি গ্রামের শফিক, সাহেব আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হানা দিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে। নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা বলেন, ‘এটা ডাকাতি নয়। এলাকার সংঘবদ্ধ মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’