নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের টাকা না দেওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবগ্রামে স্বপন বিশ্বাস (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপনের মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে গ্রেপ্তার হওয়া রুবেল মজুমদার গতকাল রাত আটটার দিকে নবাবগঞ্জ থানাহাজতে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নিহত স্বপন উপজেলার হরিশকুল গ্রামের তরুণী বিশ্বাসের ছেলে। তিনি এ বছর নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় থেকে ভোকেশনাল শাখায় এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টায় স্বপনকে পাশের বাড়ির চার-পাঁচজন যুবক পাশের নবগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। এ সময় যুবকেরা স্বপনের কাছ থেকে গাঁজা সেবন করার টাকা চায়। স্বপন দিতে না চাইলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রুবেল, শংকর পোদ্দার, গোবিন্দ চন্দ্রসহ চার-পাঁচজন স্বপনকে ছুরিকাঘাত করে। স্বপনের চিৎ কারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে এবং রুবেল, শংকর ও গোবিন্দকে আটক করে পুলিশে খবর দেয়।পরে গুরুতর অবস্থায় স্বপনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গতকাল ভোরে চিকিৎ সকেরা স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে সকাল ছয়টার দিকে স্বপনের মৃত্যু হয়।স্বপনের বাবা তরুণী বিশ্বাস জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। তিনি নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, স্বপনের শরীরে ছুরিকাঘাতের দুটি জখম পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া রুবেল ছুরি দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, রাত আটটার দিকে থানার কনস্টেবল মির্জা আলম দেখতে পান হাজতি রুবেলের পা ঝুলছে। সঙ্গে সঙ্গে লকআপ খুলে গলার ফাঁস খুলে রুবেলকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি জানান, রুবেল হাজতে থাকা কম্বল ছিঁড়ে তা দিয়ে রশি বানিয়ে গলায় ফাঁস লাগিয়েছিল।ঘটনা শুনে গতকাল রাতে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।