নবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে নৌকাবাইচ। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে নৌকাবাইচ। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

ইছামতী নদীর দুই পাড়ে উপচে পড়া দর্শক। ইঞ্জিনচালিত ও পানসি নৌকা নিয়ে নদীতেও মানুষের সরব উপস্থিতি। কোনো কোনো নৌকায় উচ্চ শব্দে বাজছিল গান। দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই বাইচের নৌকার মাঝিরা হাঁক দিলেন হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ জোগাল নৌকাগুলোকে।

গতকাল মঙ্গলবার বিকেলে এ দৃশ্য দেখা গেল ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা নবারুল সংঘের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায়। ইছামতী নদীর গোল্লা, হাসনাবাদ, বান্দুরা পর্যন্ত দুই পারের হাজারো মানুষ উপভোগ করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বাইচ।

বাইচে নবাবগঞ্জ, দোহার, মানিকগঞ্জের হরিরামপুর, সিঙ্গাইর ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলা থেকে মাসুদ রানা, শাহজালাল, আ. খালেক, সোনার বাংলা, হাজার তরী, দাদা-নাতি, সোনার চাঁদ, লিটন, রিয়াসসহ নানা নামের ১০-১২টি নৌকা অংশ নেয়। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয় বাইচ।

দেওতলা নবারুল সংঘের সভাপতি মো. মাসুম মোল্লা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা তাহের খান।