নবাবগঞ্জে ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোকিল প্যারী (কেপি) উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ করেছে।বিদ্যালয় সূত্র জানায়, গত শনিবার কেপি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় দশম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে বখাটেরা। পরে দুই বখাটেকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার দুই দিন পর গত মঙ্গলবার তারা জামিনে বের হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া ঢাকা-বান্দুরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে ও পরে ওই গাছে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা নবাবগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেনের অপসারণ দাবি করে।শিক্ষার্থীদের অভিযোগ, ওসি ওই দুই বখাটের বিরুদ্ধে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা না নিয়ে মারামারির মামলা নেন। এ কারণে তারা সহজেই আদালত থেকে জামিন পেয়েছে।এ ব্যাপারে ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, আদালত আসামিদের জামিন দিলে পুলিশের কিছু করার নেই।