নবাবগঞ্জে কথিত কবিরাজের চিকিৎসায় একজনের মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলার টুকনীকান্দা গ্রামে কথিত কবিরাজের চিকিৎসায় একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই কবিরাজ পলাতক।
মৃত ব্যক্তির নাম সুক্কু মোল্লা (৫০)। তাঁর বাড়ি উপজেলার বালুরচর গ্রামে। আড়াই মাস আগে সৌদি আরব থেকে তিনি দেশে ফেরেন। কথিত কবিরাজ জব্বর মোল্লা টুকনীকান্দার বাসিন্দা।
সুক্কু মোল্লার স্ত্রী সালমা বেগম বলেন, সৌদি আরবে অবস্থানকালে তাঁর স্বামী সুক্কু মোল্লা হৃদ্রোগে আক্রান্ত হন। ছয়-সাত বছর আগে সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন জব্বর মোল্লা ও সুক্কু মোল্লা। সুক্কু মোল্লা দেশে ফেরার খবর পেয়ে তাঁর বাড়িতে যান জব্বর মোল্লা। তিনি হৃদরোগসহ নানা রোগের চিকিৎসা দেন বলে সুক্কু মোল্লাকে আশ্বস্ত করেন। মঙ্গলবার সন্ধ্যার পর জব্বর মোল্লার কাছে গিয়ে চিকিৎসা নেন সুক্কু।
সালমা বেগম বলেন, কবিরাজের চিকিৎসার একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করেন সুক্কু মোল্লা। হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তাঁকে নিতে দেননি জব্বর মোল্লা। পরে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত তিনটার দিকে তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গতকাল সকাল ১০টায় সেখানে তাঁর মৃত্যু হয়।