নবাবগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের কলেজছাত্র সুব্রত কুমার দেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুব্রত কুমার দে বাড়িতে তাঁর কক্ষে ঘুমাতে যান। গতকাল শুক্রবার সকালে তাঁকে ঘরে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল ১০টার দিকে বাড়ি থেকে একটু দূরে জঙ্গলের ভেতরে সুব্রতের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা সুব্রতকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতের বাবা সুশীল কুমার দে বলেন, তাঁর ছেলে এ বছর শোল্লা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।