নবাবগঞ্জে গাড়িচাপায় শিশু নিহত, অবরোধ অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে মাইক্রোবাস কেটে বানানো শীতল পরিবহন নামের একটি গাড়ির চাপায় মেহেরুন নেছা (৭) নামের এক শিশু নিহত হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-দোহার সড়কে উপজেলার নোয়াদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেরুন নোয়াদ্দা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে এবং গাড়িটি পুড়িয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শীতল পরিবহনের একটি গাড়ি ওই স্থানে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় মেহেরুনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই গাড়িটি থামিয়ে চালক পালিয়ে যান। এর পরপরই বিক্ষুব্ধ লোকজন ওই স্থানে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এবং ওই গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।