নবাবগঞ্জে গাড়িমিস্ত্রিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বাজারে দিলীপ (৩৫) নামে এক গাড়িমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। দিলীপ মিলন অটোমোবাইল নামে একটি কারাখানায় কাজ করতেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবু নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার কোমরগঞ্জ বাজারে গ্রেপ্তারকৃত মাদকসেবী বাবু, রাজীব ও রফিক নামে তার দুই সহযোগী টাকা ও মোবাইল ফোন চুরি করার অভিযোগে ধারালো অস্ত্র দিয়ে দিলীপকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে রাস্তার ওপর ফেলে রাখে। পরদিন রোববার সকালে মিলন অটোমোবাইলের লোকজন তাঁকে উদ্ধার করে কারখানায় নিয়ে যান। কারখানার মালিক মুমূর্ষু অবস্থায় দিলীপকে তাঁর গ্রামের বাড়ি ছোট বকসনগরে পাঠিয়ে দেন। ওই দিন বিকেল চারটায় হাসপাতালে নেওয়ার পথে দিলীপ মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিলীপের বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।নবাবগঞ্জ থানার এসআই ইসতিয়াক রাশেদ বলেন, ‘ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’