নবাবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার হেলেনা (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলেনার স্বামী শহীদ মিয়াকে আটক করা হয়েছে। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় হেলেনাকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্র জানায়, উত্তর কিরিঞ্জ গ্রামের হেলেনার সঙ্গে পাঁচ বছর আগে শান্তিনগরের শহীদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর হেলেনা জানতে পারেন, স্বামী শহীদের সঙ্গে তাঁর এক জ্ঞাতি ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়া হয় এবং এলাকার লোকজনের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। সর্বশেষ গত সোমবার এ নিয়ে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। শহীদ ওই দিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। সেদিন রাত থেকেই হেলেনা নিখোঁজ হন। সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে এলাকাবাসী বাড়ির পাশের পাট খেতে হেলেনার লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ পাটগাছ ও শাড়ির আঁচল দিয়ে গলায় পেঁচানো অবস্থায় হেলেনার লাশ উদ্ধার করে। শহীদ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ও হেলেনার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। হেলেনার ভাই আজহার মিয়া অভিযোগ করেন, পরকীয়ায় বাধা দেওয়ায় শহীদ তাঁর বোনকে হত্যা করেছেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমিজুল হক জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটক হওয়া শহীদকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তাঁরা ধারণা করছেন।