নবাবগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের (৩০) বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের এক নেতার বোনের শ্লীলতাহানি এবং তাঁকে মারপিটের অভিযোগে ৩৫৪ ধারায় মামলা হয়েছে। ঘটনার ১৮ দিন পর গত মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় এ মামলা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০ জুলাই উপজেলার মাঝপাড়া গ্রামের দেলোয়ারা বেগমের (৪০) জায়গার ওপর দিয়ে যাওয়া রাস্তায় ইট বসানোর সময় তিনি বাধা দেন। এ সময় ছাত্রদলের নবাবগঞ্জ থানার সাধারণ সম্পাদক ইমরান ও তাঁর ভাই দেলোয়ারা বেগমকে মারধর করেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। দেলোয়ারা বেগম বলেন, ‘ওরা আমাকে মারধর করেছে।’ অভিযুক্ত ছাত্রদল নেতা ইমরান বলেন, কাউকে তিনি মারপিট বা শ্লীলতাহানির চেষ্টা করেননি। সরকারি রাস্তায় সৃষ্ট গর্তে কাদাপানি জমে এলাকাবাসীর ভোগান্তি হচ্ছিল। সরকারি বরাদ্দে রাস্তায় ইট বসানোর কাজ পান তিনি। ওই ইট বসানোর সময়ই দেলোয়ারা বেগমের সঙ্গে কিছু কথা-কাটাকাটি হয়। স্থানীয় এলাকাবাসী ও মুরব্বিদের উপস্থিতিতে পুলিশ তদন্ত করে গেছে। তারাও মারপিট বা শ্লীলতাহানির কোনো আলামত পায়নি বলে ছাত্রদল নেতা জানান। তিনি আরও বলেন, উল্টো দেলোয়ারা বেগমই তাঁকে থাপড় মেরেছেন। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতেই মামলাটি করা হয়েছে।দেলোয়ারা বেগমের ছোট ভাই আশরাফ উদ্দিন মামলাটি দায়ের করেছেন। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজহারুদ্দিন তাঁদের বড় ভাই। তা ছাড়া ঘটনার বাদী ও বিবাদীপক্ষ পরস্পর আত্মীয়। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে।