নবাবগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস নয় শান্তি চাই, জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত একযোগে উপজেলা প্রশাসন, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেন।
আয়োজন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন শুরু করেন। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পনিরুজ্জামান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপার ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, জাতীয় পার্টির নেতা জুয়েল আহমেদ প্রমুখ।
এ ছাড়া দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের সামনে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেন। এতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন, ঢাকা বিভাগের আহ্বায়ক রঞ্জিত মল্লিক, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অংশ নেন।