নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে রহিম বাদশা (২২) নামের এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচাতো ভাই আসাদুল হক ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল শনিবার একটি হত্যা মামলা করেছেন।ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আসাদুল হক জানান, পাঁচ বিঘা জমি নিয়ে উপজেলার সিরাজ কাদিরা গ্রামের রহিম বাদশার সঙ্গে পার্শ্ববর্তী মালদহ গ্রামের বাছার আলীর বিরোধ চলে আসছে। সম্প্রতি রহিম বাদশা আদালত থেকে তাঁর পক্ষে রায় পান। কিন্তু বাছার আলী এসব জমি দখল করে সেখানে একটি পুকুর করেন। গত শুক্রবার দুপুরে বাছার আলী ওই পুকুরে মাছ ছাড়তে গেলে রহিম বাদশাসহ তাঁদের পরিবারের লোকজন বাধা দেন। তখন বাছার আলীর লোকজন তাঁদের ওপর হামলা করেন। এতে লাঠির আঘাতে রহিম বাদশা, আসাদুল হক ও কোবাজ আলী আহত হন।স্থানীয় ও পরিবারের লোকজন আহত ব্যক্তিদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রহিম বাদশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিনই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল দুপুরে সরেজমিনে মালদহ গ্রামে বাছার আলীর বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।