নবাবগঞ্জে টিআর প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সাংসদ ও সংরক্ষিত নারী আসনের সাংসদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের বিশেষ বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের তথ্য অনুসারে, ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সাংসদ আজিজুল হক চৌধুরীর বিশেষ বরাদ্দ থেকে ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ করে মোট ২৭ লাখ টাকা দেওয়া হয়। সংরক্ষিত নারী আসনের সাংসদ সুলতানা বুলবুলের বিশেষ বরাদ্দ থেকে ১৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪০ হাজার করে, চারটিতে ৩৫ হাজার করে এবং একটিতে ৬০ হাজার টাকা অর্থাৎ মোট সাত লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
তবে আন্দোলগ্রাম প্রাথমিক বিদ্যালয়, শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়েরঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ প্রতিষ্ঠান স্থানীয় সাংসদের দেওয়া এক লাখ টাকার বরাদ্দ থেকে মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা পেয়েছে। সংরক্ষিত নারী সাংসদের দেওয়া বরাদ্দ থেকে পেয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। আর কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি বরাদ্দের কোনো টাকাই পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, বরাদ্দ কম দেওয়ার বিষয়ে কথা বলতে চাইলে তৎকালীন নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান যা বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়েই কাজ করার পরামর্শ দেন। বর্তমানে মোস্তাফিজুর রহমান রংপুরের গঙ্গাচরা উপজেলায় দায়িত্ব পালন করছেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি।
বিরামপুর উপজেলা পিআইও আরিফুল ইসলাম ২০১১ সালে বিরামপুরের পিআইওর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, টাকা কম পাওয়ার প্রশ্নই ওঠে না। যেসব প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে গঠিত প্রকল্প কমিটির সভাপতিরা বিলের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলেছেন। তা ছাড়া বিশেষ বরাদ্দের প্রকল্প কমিটিগুলো সাংসদের সুপারিশেই হয়।
বরাদ্দ পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানেরা জানান, তাঁরা কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করেননি। তাঁদের টাকা দিয়েছেন লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলী। তবে রোস্তম আলী দাবি করেন, তিনি কোনো বরাদ্দের টাকা বিতরণ করেননি।
সংরক্ষিত নারী সাংসদের বরাদ্দ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক পিআইও কার্যালয়ে কর্মরত একজন জানান, সংরক্ষিত নারী সংসদের যা বরাদ্দ ছিল, তা থেকে অর্ধেক পাওয়া গেছে। তবে সংরক্ষিত মহিলা সাংসদ সুলতানা বুলবুল প্রথম আলোকে জানান, তিনি পুরো বরাদ্দই দিয়েছেন।