নবাবগঞ্জে ট্রলার ডুবে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে মাটিভর্তি একটি ট্রলার ডুবে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা নামক স্থানে ইছামতী নদীতে মাটিভর্তি একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে ১০ জন শ্রমিক ছিলেন। সাতজন সাঁতরে তীরে ওঠেন। বাকি তিনজন নিখোঁজ হন। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সকাল ১১টায় একজনের লাশ উদ্ধার করে। পরে বেলা তিনটায় আরও দুটি লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন মো. শহীদ আলী (৩০), ময়েন উদ্দিন (২৭) ও ওমর আলী (৩০)। তাঁদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার সমাজ বলজপুর গ্রামে। তাঁরা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সাপেরচর এলাকায় ট্রলারে করে মাটি বিক্রি করতেন। বেঁচে যাওয়া শ্রমিকেরা জানান, ঘন কুয়াশায় দুটি ট্রলারের মধ্যে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার পুলিশ উদ্ধার করা লাশগুলো তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করেছে বলে উপপরিদর্শক শফিকুর রহমান জানান।