নবাবগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা, পাঁচজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের মিয়াহাটি গ্রামে গতকাল রোববার মো. শাহিন (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।নিহত শাহিন মিয়াহাটি গ্রামের সাহেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, মিয়াহাটি গ্রামে ২৫ থেকে ৩০ বছর আগে নির্মিত একটি রাস্তা ব্যবহার করছেন এলাকাবাসী। কিন্তু স্থানীয় প্রভাবশালী মোজাহার পাঠান কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাস্তাটি বন্ধের চেষ্টা চালান। স্থানীয়রা প্রতিবাদ করলে গতকাল উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মোজাহারের লোকজন ধারালো ছুরি দিয়ে তাঁদের কাজে বাধাদানকারী তরুণ শাহিনকে কুপিয়ে মাটিতে ফেলে দেন। ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়। শাহিনকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাজুল ইসলাম (২৫), বাহারুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলামসহ (৩০) পাঁচজনকে কুপিয়ে জখম করেন। এলাকাবাসী তাঁদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।এলাকাবাসীর অভিযোগ, হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মোজাহার পাঠান ও সিদ্দিকুর রহমান তাঁদের বাড়ির পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যান।গালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তপন মোল্লা জানান, দীর্ঘদিনের এ রাস্তা বন্ধ করতে মোজাহার পাঠান তাঁর লোক দিয়ে পরিকল্পিতভাবে হত্যা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান। পরিস্থিতি উত্তপ্ত হলে গ্রামে পুলিশ ও র‌্যাব আসে। নিহত ব্যক্তির বাবা সাহেদ আলী বলেন, ‘মোজাহার পাঠানের ভাড়াটে সন্ত্রাসী লোটাস ও উজ্জ্বলের নেতৃত্বে আমার ছেলেকে খুন করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’মোজাহার পাঠান, লোটাস ও উজ্জ্বল পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।লাশ উদ্ধার: নারায়ণগঞ্জ প্রতিনিধিজানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে গতকাল অজ্ঞাতপরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেপুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।