নবাবগঞ্জে দগ্ধ ছয় ব্যক্তির মধ্যে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা বাজারের মামুনের তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হাসি মিয়া (২৮), গোপাল দাস (৩৫), নুরুল হক ব্যাপারী (৩২)।
স্বজন ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার দুপুরে হাসি মিয়া ও গতকাল শনিবার সকাল সাতটায় গোপাল দাস ও বেলা ১১টায় নুরুল হক ব্যাপারী মারা যান। হাসি নতুন বান্দুরা গ্রামের হারুনের ছেলে, গোপাল দাস একই গ্রামের টেনালাল দাসের ছেলে এবং নুরুল হক ব্যাপারী সাখাওয়াত আলী ব্যাপারীর ছেলে। ওই ঘটনায় অগ্নিদগ্ধ পূর্ণিমা (৬) নামের এক শিশু আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় হাসি মিয়া, মনা, রতন দাস (৩৫) ও তাঁর মেয়েসহ ছয়জন অগ্নিদগ্ধ হন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
যন্ত্রাংশের দোকানে আগুন: নবাবগঞ্জ প্রতিনিধি আরও জানান, উপজেলার গাজী টায়ার ও মেঘনা টায়ার ডিলার আলমগীর অটো ট্রেডার্স নামের ইঞ্জিনের যন্ত্রাংশের দোকানে আগুন লেগে টায়ার-টিউব, গাড়ির যন্ত্রাংশ ও মবিল পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা সদর কাশিমপুর কবরস্থানসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ওই দোকানসহ ও পাশের বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং দোকানের আংশিক পুড়ে যায়। এতে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান দুটির মালিকেরা দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে ওই দোকানে প্রথমে আগুন দেখতে পান পাশের ব্যবসায়ী ও লোকজন। মুহূর্তে পাশের বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে আলমগীর অটো ট্রেডার্স দোকানে থাকা টায়ার-টিউব, মবিলের বোতলসহ সিএনজিচালিত গাড়ির সব যন্ত্রাংশ পুড়ে যায়।
আলমগীর অটো ট্রেডার্সের মালিক আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, তাঁর দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল, তা সবই পুড়ে গেছে। পাশের দোকানের এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।