নবাবগঞ্জে দুর্গাপূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা
ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার ওয়াছেক মিলনায়তনে দুর্গাপূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত পর্যায়ের ১২৩টি পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা চলাকালীন সময়ে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য পূজা উদ্যাপন কমিটি ও আয়োজকদের সতর্ক থাকতে হবে।প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজীজ হায়দার ভূইয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, নবাবগঞ্জ থানার ওসি শেখ মাসুদ করিম, উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক আনন্দ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক স্বপনকুমার সরকার, নির্মল ঘোষ, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা।