নবাবগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিএনপি সূত্র জানায়, দুপুর ১২টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নানের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেনের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় শুরগঞ্জ থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে আবার শুরগঞ্জ এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ওসমানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি মহসীন উদ্দিন প্রমুখ।