নবাবগঞ্জে নদী থেকে বালু তোলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চকরিয়া গ্রামের কালীগঙ্গা নদী থেকে বালু তোলার প্রতিবাদে গ্রামবাসী গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বালু ব্যবসায়ীদের লোকজন আতঙ্ক ছড়ানোর জন্য পাঁচ-ছয়টি ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, তারা গুলির আলামত পায়নি। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে দুই পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। গ্রামবাসী বালু তুলতে বাধা দিলে বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখানো হয়। এর প্রতিকার চেয়ে গ্রামবাসী সম্প্রতি স্থানীয় সাংসদ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের কাছে আবেদন করে। প্রতিমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এর পরও গতকাল সকাল থেকে বালু উত্তোলন শুরু করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। গ্রামবাসীর অভিযোগ, মিছিল বের করা হলে বালু উত্তোলনকারীদের লোকজন আতঙ্ক ছড়ানোর জন্য পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার মনির হোসেন হাওলাদার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মিজানুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ঘটনাস্থল থেকে সোহেল (২৮), ফরহাদ (৪৫), কালাম (৪০), রহিজ উদ্দিন (৪৫), শফিউল্লাহ (৪৬), নাজিমুদ্দিনকে (৩৮) আটক করা হয়। ইজারাদার ইমরান হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী ইজারা নিয়ে বালু উত্তোলন করা হয়েছে। স্থানীয় স্বার্থান্বেষী মহলের উসকানিতে এ ঘটনা ঘটেছে। ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বালু তোলা বন্ধ রাখা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা গুলির আলামত পাইনি।’