নবাবগঞ্জে পাঁচ বাড়িতে সন্ত্রাসী হামলা আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্তারনগর গ্রামের পাঁচ বাড়িতে গতকাল বৃহস্পতিবার হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বক্তারনগর গ্রামে সন্তোষ বর্মণ, জয়নাল বেপারী ও শাহিনের বাড়িসহ পাঁচটি বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ওই সব বাড়ির লোকজনকে এলোপাতাড়ি কোপায় এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করে ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে মো. সম্রাট হোসেন (২২), হিরু মিয়া (২০), জয়নাল বেপারী (৫০), সন্তোষ বর্মণ (৫৫), রানী বর্মণ (৪২), সাহেরা বেগম (৪৫), শাম্মী আক্তার (১৬), জাহানারা বেগম (৫৫), শীলা বর্মণ (২১) ও আকলিমা আক্তার (২২) আহত হন। আহত ব্যক্তিদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে সন্তোষ বর্মণ, জয়নাল বেপারী ও সম্রাট হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।