নবাবগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, গাছ কর্তন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছেন প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা প্রবাসীর স্ত্রী ও শিশুসন্তানকে জায়গা ছেড়ে চলে যেতে বলেন। নয়তো বিদ্যালয়পড়ুয়া মেয়েকে অপহরণ করার হুমকি দেন।
গত শনিবারের ওই ঘটনায় সৌদিপ্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জালাল উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার নবাবগঞ্জ থানায় মামলা করতে গেলেও পুলিশ নেয়নি। সোমবার ঢাকা জেলার বিচারিক হাকিম আদালতে মামলা করেন তিনি। আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
পারভীন আক্তার অভিযোগ করেন, ক্রয়সূত্রে ৫৪ শতক জমির মালিক হয়ে ২০ বছর ধরে তাঁরা চুড়াইন গ্রামে বসবাস করছেন। কিন্তু তাঁর স্বামী বিদেশে থাকায় স্থানীয় আবদুল কুদ্দুসের নেতৃত্বে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দুই শিশুসন্তানসহ তাঁকে উচ্ছেদের চেষ্টা করছেন। আবদুল কুদ্দুস গত শনিবার দুপুরে ২০-২৫ জন লোক নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা তছনছ করেন। হামলাকারীরা বাড়ির পাশে পাঁচটি বাঁশঝাড়ের ৩ শতাধিক বাঁশ, ১৩টি আমগাছ, নয়টি মেহগনিগাছসহ প্রায় ১০ লাখ টাকার গাছপালা কেটে নিয়ে যান।
পারভীন বলেন, হামলাকারীরা তাঁদের গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন। নয়তো ১০ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে অপহরণ করা হবে বলে হুমকি দেন।
যোগাযোগ করা হলে আবদুল কুদ্দুস গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘লোকজন নিয়ে গিয়ে আমি আমার জমির গাছ কেটেছি। চাঁদা দাবি ও অপহরণের হুমকির অভিযোগ সত্য নয়।’
মামলা না নেওয়ার ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, তিনি নতুন এসেছেন। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।