নবাবগঞ্জে ফুটবল খেলা নিয়ে স্কুলছাত্রদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জের বর্ধনপাড়ার পি কে বি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করে রাখে।সূত্র জানায়, শনিবার বিকেলে আন্তউপজেলা হাইস্কুল ফুটবল প্রতিযোগিতায় নবাবগঞ্জ স্কুলের মাঠে হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয়ের সঙ্গে পি কে বি উচ্চবিদ্যালয়ের খেলা হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হলে টাইবেকারের সিদ্ধান্ত হয়। সূত্রের ভাষ্যমতে, এ সময় হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা পি কে বি উচ্চবিদ্যালয়ের আট ছাত্রকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে পি কে বি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা বর্ধনপাড়া এলাকায় ঢাকা-বান্দুরা সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে ছাত্ররা সড়ক থেকে সরে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।পি কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা বলেন, মাঠে মার খেয়ে ক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে। তিনি বলেন, তিনি নিষেধ করলেও শিক্ষার্থীরা তা শোনেনি।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বলেন, পুলিশ বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিলে ছাত্ররা সড়ক থেকে সরে যায়।