নবাবগঞ্জে ফের ডাকাতি আহত ৪
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে আবার এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।এর আগের রাতে উপজেলার শিংজোড় গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মনির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও গ্রামবাসী জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত উপজেলার উত্তর কিরিঞ্জি গ্রামের আওলাদ মীরের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে তারা। এ সময় ডাকাতেরা নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। একপর্যায়ে বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে গৃহকর্তা আওলাদের বড় ছেলে সেন্টু মীর ও তাঁর ছোট ছেলে বিল্টু মীর আহত হয়। গুলিবিদ্ধ দুই ছেলের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওলাদ মীর ও তাঁর স্ত্রী বুলু বেগমকে গুরুতর জখম করে। ঘণ্টা খানেক পর ডাকাতেরা চলে যায়।নবাবগঞ্জ থানার ওসি শেখ মাসুদ করিম গতকাল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।