নবাবগঞ্জে বনের পাশের তিন ভাটায় অভিযান

দিনাজপুরের নবাবগঞ্জে সংরক্ষিত বনের পাশে গড়ে ওঠা তিনটি ইটভাটায় গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটার চিমনি ধ্বংস ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। তিনি বলেন, নিয়মনীতি উপেক্ষা করে সংরক্ষিত বনের ধারে রফিকুল ইসলামের একটি, মোজাম্মেল হক ওরফে মিঠু মিয়ার একটি এবং মহসীন আলী ও ডাবলুর যৌথ মালিকানায় আরেকটি ভাটা গড়ে তোলা হয়। ভাটা স্থাপনের বিভিন্ন পর্যায়ে অভিযান চালিয়ে মালিকদের সতর্কও করা হয়েছিল। কিন্তু মালিকেরা সবকিছু উপেক্ষা করে রাতারাতি চিমনি ভাটা স্থাপন করেন। এসব ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হতো। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল ভাটা তিনটিতে অভিযান চালানো হয়।
অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রফিকুল ইসলাম ও মহসীনের ভাটার চিমনি ধ্বংস করে কাঁচা ইটগুলো ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে নষ্ট করেন। তবে পানি না থাকায় মোজাম্মেল হকের ভাটার শুধু চিমনি ধ্বংস করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, গত বছর হরিপুর এলাকায় বনের পাশে একটি চিমনি ভাটা গড়ে তোলেন এক ব্যক্তি। এরপর ইউএনও ওই ভাটায় দুই দফা অভিযান চালিয়ে চিমনি ধ্বংস করে ইটগুলো পানি দিয়ে নষ্ট করে দেন। কিন্তু ভাটার মূল কাঠামো অক্ষত থাকায় ওই ব্যক্তি আবার ভাটায় ইট পোড়ানো শুরু করেন। এ বছর সেই ভাটায় চিমনি তৈরি করে ইট পোড়ানো হচ্ছে। অভিযান পরিচালনা করা তিন ভাটার ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে।
জানতে চাইলে ইউএনও বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় জনবল পাওয়ামাত্র সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।