যৌতুককে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার জের ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বরপক্ষের লোকজনের হাতে কনেপক্ষের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন, খোকন (৪০) ও ফায়জুল (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কান্দামাত্রা গ্রামে সাঈদুর রহমানের মেয়ের সঙ্গে একই গ্রামের জাহিদ হোসেনের (২৫) বিয়ের অনুষ্ঠান চলছিল। তবে বরপক্ষের দাবি অনুযায়ী কনেপক্ষ যৌতুক দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ে ভেঙে যায়। এ ঘটনার পর গত শনিবার সন্ধ্যায় বর জাহিদের নেতৃত্বে সাত-আটজন বিভিন্ন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কনেপক্ষের খোকন ও ফায়জুলের ওপর হামলা চালান। এ সময় তাঁরা খোকনকে রামদা দিয়ে কুপিয়ে এবং ফায়জুলকে লাঠিপেটা করে আহত করে। তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। খোকন ও ফায়জুলকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খোকনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।