নবাবগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১ বর-কনেসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের বেনুখালী নামক স্থানে গতকাল সোমবার বরযাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে এক বরযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ প্রায় ৪০ জন। হতাহত ব্যক্তিদের সবাই বাসের যাত্রী।প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, রাজধানীর কাফরুল থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী একটি বাস গতকাল ঢাকার দোহারের ইকরাশি যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি বেনুখালী ভাঙা সেতুর পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বর জেরাল গমেজ ও কনে বাঁধন গমেজসহ প্রায় ৪০ জন আহত হন। গুরুতর আহত পুষ্প গমেজকে (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে শেফালী গমেজ (৩৫), রাখি গমেজ (৩২) ও ক্লিনটন গমেজের (২৫) অবস্থা গুরুতর। দুর্ঘটনায় আহত মিল্টন বলেন, গাড়ির চালককে অনুরোধ করার পরও তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালান। বেনুখালীর ওই জায়গায় সেতুর কাজ চলছে। তাঁদের বহনকারী বাসটি বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।