নবাবগঞ্জে বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার এক কিশোরীর (১৫) বাল্যবিবাহ ঠেকিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি ও মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা বেগম ঘটনাস্থলে গিয়ে এ ব্যবস্থা নেন।
এলাকাবাসী জানান, কিশোরীর মা ও আত্মীয়স্বজন গতকাল সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় প্রতিবেশীরা শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমানকে বিষয়টি জানান। মেয়েটি একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী, মেয়েটির বয়স ১৫ বছর ৪ মাস।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ বলেন, এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিবাহ হচ্ছে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আয়োজন বন্ধ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না মর্মে কিশোরীর মা ও দাদার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ১৮ বছর হওয়ার পর মেয়েটির বিয়ের কাজ সম্পন্ন করতে বলা হয় তাঁদের।