নবাবগঞ্জে বাসে ছাত্রদের ভাঙচুর, তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার দোহার নবাবগঞ্জ (ডিএন) কলেজের ছাত্ররা এন মল্লিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন। এ ঘটনায় দুই যাত্রী ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকেলে ওই পরিবহনের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসে অতিরিক্ত শিক্ষার্থী পরিবহন না করার অভিযোগ এনে গতকাল দুপুর দুইটার দিকে ডিএন কলেজ ছাত্ররা কলেজ চত্বর থেকে এন মল্লিক গাড়ির সুপারভাইজার, চালক, চালকের সহযোগীর বিরুদ্ধে একটি মিছিল নিয়ে উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বরের স্বাধীনতা ভাস্কর্যের সামনে আসেন। এ সময় সেখানে ওই পরিবহনের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন বাস থেকে নামতে গিয়ে দুই যাত্রী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ইটের আঘাতে মো. ইকবাল নামে এক পুলিশ সদস্য আহত হন।
এন মল্লিক পরিবহনের চেয়ারম্যান নার্গিস মল্লিক অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁর পরিবহন বন্ধ করার পাঁয়তারা করছে। তারা ছাত্রদের ব্যবহার করে স্বার্থ হাসিল করতে চায়।
ডিএন কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। সমাধান করতে ইউএনও উদ্যোগ নিয়েছেন।