নবাবগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলায় আহত ৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বাড়ি দখল করতে গিয়ে ওই বাড়িতে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করেছে সন্ত্রাসীরা। তাদের হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, দুপুরে স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ দেওয়ানের বসতবাড়ি দখল করার জন্য পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা শেহের আলী ২০/২৫ জনের একটি দল নিয়ে হাজির হন। সবাই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। রশিদের পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে। এতে আবদুর রশিদ ছাড়াও তাঁর পরিবারের অপর দুই সদস্য আবদুস সালাম ও ফাতেমা বেগম আহত হন। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ঘর-দরজা ভাঙচুর করে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রশিদ জানান, প্রায় ৬০ বছর তাঁরা বংশপরম্পরায় এ বাড়িতে বাস করছেন। সম্প্রতি শেহের আলী দাবি করেন, ওই জমিতে তাঁর দাদার অংশ রয়েছে। তাই ওয়ারিশ হিসেবে তিনি ওই বাড়ির জমির একাংশের মালিক। রশিদ বলেন, শেহের তাঁর কোনো আত্মীয় নন এবং তিনি তাঁর দাবির সপক্ষে কোনো দলিলপত্রও দেখাতে পারেননি। সম্পূর্ণ গায়ের জোরে তিনি এখন রশিদকে তাঁর পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন।