নবাবগঞ্জে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ডাকাতদলের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। গত সোমবার রাতে আগলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই গ্রামের মিজান ও প্রবাসী ইব্রাহিমের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের আদিলের বাড়িতে হানা দিলে এলাকাবাসী বিষয়টি টের পায়। তারা ডাকাতদের ধাওয়া করে ওই দলের সদস্য আনোয়ারকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।