ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের নিমতলা এলাকায় গতকাল শনিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এ সময় সাবেক সাংসদ ও বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি আবদুল মান্নানের গাড়ি ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার শিকারীপাড়ার গরীবপুর মাঠে দলীয় সম্মেলনে যেতে গতকাল বেলা ১১টার দিকে আবদুল মান্নান নেতা-কর্মীদের নিয়ে ঢাকা থেকে রওনা দেন।একই স্থানে সম্মেলন আহ্বান করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাক। সম্মেলনে যেতে আশফাক পক্ষের সমর্থকেরা নবাবগঞ্জে জড়ো হন। ঢাকা থেকে মান্নানের গাড়িবহর নবাবগঞ্জের নিমতলা এলাকায় পৌঁছালে আশফাক পক্ষের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ লাঠি, হকিস্টিক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মান্নান পক্ষের উপজেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ও রাজ্জাক ভূইয়া এবং যুবদল নেতা হারুন মাস্টার, পারভেজ, বাবুল, আজাদ ও নুরু গুরুতর আহত হন। অন্যদিকে, আশফাকের পক্ষে উপজেলা যুবদলের সভাপতি আবুল কালাম খন্দকার, আজিজুল হক, রিপনসহ আরও কয়েকজন আহত হন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হামলায় চালিয়ে মান্নানের গাড়ি ভাঙচুর করেন। মান্নান দৌড়ে কাশিমপুর গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। আবদুল মান্নান অভিযোগ করেন, ‘দলের এক কেন্দ্রীয় নেতার প্ররোচনায় এ হামলা হয়েছে। বিষয়টি দলীয় চেয়ারপারসনকে জানানো হবে।’ খন্দকার আবু আশফাক অভিযোগ করেন, ‘মান্নানের লোকজন উসকানি দিয়ে তাঁদের সম্মেলন পণ্ড করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।’