ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে গতকাল সোমবার বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় দুটি যানবাহন, তিনটি ওষুধের দোকান ও একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের সামনের কাচ।
দুই পক্ষের তাণ্ডবে ঢাকা-বান্দুরা সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে থাকলেও নীরব থাকতে দেখা গেছে।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, নবাবগঞ্জ বিএনপির এক পক্ষে নেতৃত্ব দেন ঢাকা জেলা কমিটির সভাপতি আবদুল মান্নান। অন্য পক্ষে আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আশফাক খন্দকার। আশফাক সভাপতি থাকাকালে গত সাড়ে চার বছরে উপজেলা সদরে কোনো কর্মসূচি পালন করতে পারেননি মান্নানের নেতা-কর্মীরা। সম্প্রতি আবদুল মান্নান নিজের ঢাকার বাসায় বসে তাঁর সমর্থিত কয়েকজন নেতাকে নিয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। ওই কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক দাবি করে বিক্ষোভ করেন আশফাকের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নতুন কমিটি হওয়ায় মান্নানের সমর্থকেরা গতকাল উপজেলা সদরে আনন্দ মিছিল এবং আশফাকের সমর্থকেরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ঘোষণা দেয়। মান্নানপক্ষের নেতারা বেলা ১১টার দিকে উপজেলার বখশনগর ইউনিয়নের শুরগঞ্জে দলীয় কার্যালয় থেকে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী নিয়ে মিছিল বের করেন। মিছিলটি নবাবগঞ্জ চৌরাস্তার দিকে আসছিল। এ সময় বাগমারা পুরাতন আদালত ভবনের সামনে আগে থেকে অবস্থান নেওয়া আশফাকের সমর্থকেরা প্রতিরোধ করতে উদ্যত হন। এ সময় মান্নানের সমর্থকেরা লাঠিসোঁটা, ইটপাটকেল ও চাপাতি নিয়ে তাদের ধাওয়া দেন। কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
আশফাকের সমর্থকেরাও মান্নানপক্ষকে ধাওয়া দেন। দুই পক্ষের নেতা-কর্মীরা কিছু গাছপালা কাটেন। সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, তোরণ, যমুনা সিটিং সার্ভিসের একটি বাস, একটি অটোরিকশা, তিনটি ওষুধের দোকান ও হলি কেয়ার ক্লিনিকের কাচ ভাঙচুর করা হয়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে মান্নানেরপক্ষ নবাবগঞ্জ চৌরাস্তার কায়কোবাদ চত্বর দখল করে। পালিয়ে যান আশফাকপক্ষের নেতা-কর্মীরা।
মান্নানপক্ষের নেতা ও উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আবেদ হোসেন অভিযোগ করেন, ‘আশফাকের লোকজন আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে পরিস্থিতির অবনতি ঘটাতে চেষ্টা করেন।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশফাকপক্ষের খন্দকার আবুল কালাম দাবি করেন, ‘মান্নানপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।’
তবে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ভাঙচুরের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।