নবাবগঞ্জে বিপুল পরিমাণ শালগাছ ও কাঠ জব্দ করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসরাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২৬টি শালগাছ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছেন। এ ছাড়া বনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি করাতকল উচ্ছেদ করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
ইসরাইল হোসেন প্রথম আলোকে জানান, নবাবগঞ্জ শালবাগানের পাশে রঘুনাথপুর বাজারে হাছান আলীর করাতকলে বিপুল পরিমাণ চোরাই শালগাছ কাটার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে সেখানে যান। পরে করাতকল ও আশপাশের এলাকা থেকে ১২৬টি শালগাছ ও বিপুল পরিমাণ শালকাঠ জব্দ ও করাতকলটি উচ্ছেদ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, নবাবগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমানসহ এলাকার অনেকে অভিযোগ করেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় শালাবাগানের গাছ কেটে উজাড় করছে চোরের দল। যাঁরা এসবের প্রতিবাদ করেন, বন বিভাগের লোকজন তাঁদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করেন। অভিযানের সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি করেন।
অভিযানে উপস্থিত চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার জানান, তিনি এ রেঞ্জে এক মাস আগে যোগ দিয়েছেন। গাছ চুরির সঙ্গে যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।