নবাবগঞ্জে বিমানবন্দর নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ করেছেন। স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে আড়িয়াল বিল এলাকার শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের কাছে তাঁরা স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জের আড়িয়াল বিলের প্রায় ২২ হাজার একর জমি অধিগ্রহণের জন্য জরিপ চালিয়েছে। এখানে বিমানবন্দর হলে কালাইমারী, মরিচপট্টি ও দুবলী গ্রামের অন্তত ৫০০ পরিবার উচ্ছেদ হবে। জনগণ তাদের শত বছরের পুরোনো বসতবাড়ি, মাছের খামার ও ফসলি জমি ছাড়বে না।স্মারকলিপি পাওয়ার পর গতকালই ইউএনও জাহাঙ্গীর আলম ও সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন হাওলাদার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। ইউএনও বলেন, জনগণের ক্ষতি হয় সরকার এমন কাজ করবে না। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবেদন দাখিল করা হবে।