নবাবগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাত টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজুর বাজারের পাশে স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩০) নামের এক হোটেল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে স্বর্ণের চেইন ও ৫০ হাজার টাকা লুটে নেয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর বাজার থেকে নজরুলকে ডেকে নেয় স্থানীয় সন্ত্রাসীরা। বাজারের পাশে খালি জায়গায় নিয়ে সাত-আটজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে গলায় থাকা চেইন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় নজরুলকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইশতিয়াক রাশেদ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।