নবাবগঞ্জে ভিন্ন নামে এশিয়া এনার্জির সভা করার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত বৃহস্পতিবার বিকেলে ‘দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট’ নামে এশিয়া এনার্জির জনসভা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসভার মঞ্চ ভেঙে দিয়েছেন।

রাতে ওই স্থানে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত দুজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ছিমনা গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম ও হোসেন আলী জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রওশন আলী গোলাপগঞ্জ হাইস্কুল মাঠে ‘দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট’ নামের একটি সংগঠনের ব্যানারে জনসভার আয়োজন করেন। গ্রামবাসী খোঁজ নিয়ে জানতে পারেন, এশিয়া এনার্জির লোকজন ছদ্মনামে এ জনসভা করছে। বিষয়টি জানার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনসভা বন্ধ করতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।

রওশন আলী দাবি করেন, জনসভার জন্য প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। লিখিত অনুমতি না নেওয়ায় ইউএনও জনসভা না করার জন্য বললে তা বন্ধ করে দেওয়া হয়। পরে উচ্ছৃঙ্খল কিছু লোক বাজারে তাঁর অস্থায়ী কার্যালয়ে হামলা করে ইউনিয়ন পরিষদের ল্যাপটপ, ক্যামেরা ও একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। তবে ওই সংগঠনের সঙ্গে এশিয়া এনার্জির সম্পর্কের অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, চেয়ারম্যানকে বারবার নিষেধ করার পরও তিনি জনসভার আয়োজন করেন। প্রশাসন মঞ্চ ভেঙে দিলে তিনি গ্রামবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।