নবাবগঞ্জে মার্কেটে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া বাজারের খান মার্কেটে গতকাল বুধবার ভোরে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে শিকারীপাড়া বাজারের খান মার্কেটে আগুন জ্বলতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কেরানীগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এরই মধ্যে বাজারের জিন্নাত আলীর কাপড়ের দোকান, লেহাজ উদ্দিনের হোমিওপ্যাথিক ওষুধের দোকান, মেঘ লালের সেলুনসহ ১০টি দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসতিয়াক রাসেল বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।এর আগে গত বছরের ১২ ডিসেম্বর খান মার্কেটে একই সময়ে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।