নবাবগঞ্জে মুড়ি বই উদ্ধার, ফলাফল বাতিলের আবেদন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন পরাজিত প্রার্থীর সমর্থকেরা। একটি কেন্দ্র থেকে গত দুই দিনে ৩৫০টি ব্যালটের মুড়ি বই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা বরাবর ফলাফল বাতিলের আবেদন জানানো হয়েছে।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন খান ও সদস্য পদপ্রার্থী নাসির আহসানের লোকজন বিক্ষোভ মিছিল করেন। তাঁরা লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রিসাইডিং কর্মকর্তা অজিত কুমার সাহা সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাবু অজিত কুমার চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে লিখিত ফলাফল না দিয়ে মৌখিকভাবে ফলাফল ঘোষণা করেন। সুলতানপুর ভোটকেন্দ্রে মৌখিকভাবে ৮৬৭ ভোটের কথা বলা হয়। উপজেলায় এসে দেখানো হয় ৬০০। চকরিয়া কেন্দ্রে ৫৩৬ ভোটের স্থলে ৪০৫ ভোট দেখানো হয়েছে। পরদিন বেলা ১১টায় সুলতানপুর কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের পেছনে ১০০ ব্যালটের মুড়ি বই পাওয়া যায়। এ ঘটনায় দুজন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন। গতকাল দুপুরে সুলতানপুর কেন্দ্রের ভেতর আরও ২৫০টি ব্যালটের মুড়ি বইয়ের পাতা উদ্ধার করা হয়। প্রিসাইডিং কর্মকর্তা অজিত কুমার সাহা বলেন, ‘আমার জানামতে, কেন্দ্রে কোনো মুড়ি বই নেই। কোনো অনিয়মও হয়নি।’