নবাবগঞ্জে মৃৎশিল্পীদের ব্যবহূত জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলীর নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হিন্দুধর্মাবলম্বীদের মৃৎশিল্পের কাজে ব্যবহূত জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় পাঁচ শতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে।গতকাল রোববার দুপুরে ওই জমি উদ্ধারের দাবিতে ওই এলাকার সহস্রাধিক হিন্দু নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর সঞ্চারকলিপি দেন।নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির কমিটির সহসভাপতি বিনয় পাল জানান, ব্রিটিশ আমল থেকে স্থানীয় পাল সম্প্রদায়ের লোকেরা গোলাপগঞ্জ ইউনিয়নের বড় জালালপুর মৌজার ৫ দশমিক ১৫ একর খাসজমির মাটি মৃৎশিল্পের কাজে ব্যবহার করে আসছেন। ১৯৬৪-৬৫ সালে সরকারিভাবে ওই জমি উপজেলার পাল সম্প্রদায়ের কয়েকজনের নামে সালামি পত্তনও দেওয়া হয়।জগন্নাথপুর গ্রামের বিমল চন্দ্র, গীরেন্দ্র নাথ পালসহ আরও অনেকে অভিযোগ করেন, ২ জুলাই গোলাপগঞ্জ ইউপির চেয়ারম্যান রওশন আলীর নেতৃত্বে তাঁর ভাগনে সূর্য মিয়া, হরিল্লাখুর গ্রামের করিমুল্লাহ ও তাঁর ছোট ভাই ছলিমুল্লাহ্, ইসমাইল হোসেনসহ ৫০-৬০ জন লাঠি নিয়ে জমিটি দখল করে নেন। দখলকারীরা মৃৎশিল্পীদের ওই জমিতে যেতে নিষেধ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। গতকাল বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া পাল সম্প্রদায়ের লোকেরা জমিটি দখলে নেওয়া ভূমিদস্যুদের বিচার এবং চেয়ারম্যান রওশন আলীকে অপসারণ করার দাবি জানান।নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির কমিটির দপ্তর সম্পাদক সঞ্জয় রায় বলেন, ওই জমির মাটি ব্যবহার করে এ এলাকার প্রায় ৫০০ মৃৎশিল্পীর পরিবার জীবিকা নির্বাহ করে। ভূমিদস্যুরা জমিটি দখলে নেওয়ায় ওই পরিবারগুলো কষ্টে জীবন যাপন করছে। জমি দখল করার অভিযোগ অস্বীকার করে গোলাপগঞ্জ ইউপির চেয়ারম্যান দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি ঘটনাটি মীমাংসার চেষ্টা করেও পারেননি। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে জানান তিনি।নবাবগঞ্জের ইউএনও আহসান হাবিব বলেন, জমিটি সরকারের। বহুদিন থেকে পাল সম্প্রদায়ের লোকজন যেহেতু এটি ব্যবহার করছে, তাই জমিটি পাল সম্প্রদায়ের লোকদেরও বলা যেতে পারে। যারা জমিটি দখল করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।