নবাবগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা হাড়ভাঙা সেতুর নিচ থেকে সুজিত হালদার নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকাল চারটায় কলাকোপা হাড়ভাঙা ব্রিজের নিচে লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়ে দেয়।নিহত হওয়া সুজিত হালদারের ছোট ভাই স্কুলছাত্র সুমন জানায়, সুজিত ২৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় বিদেশে যেতে মাধবপুর গ্রামের এক লোকের কাছে পাসপোর্ট ও টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। গতকাল বিকাল চারটায় থানা পুলিশের অজ্ঞতানামা লাশ উদ্ধারের কথা শুনে স্বজনেরা থানায় এসে সুজিতের লাশ শনাক্ত করে। তবে কে বা কারা তাকে হত্যার পর লাশটি ব্রিজের নিচে ফেলে রাখে, তা জানা যায়নি। তাঁর বাড়ি নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামে। তাঁর বাবার নাম সুনীল হালদার। নবাবগঞ্জ থানার এসআই ইয়ামিন কবির বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।