নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধার
ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার বেনুখালী রাস্তার পাশ থেকে গতকাল শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটায় উপজেলার বেনুখালী রাস্তার পাশের পুকুর থেকে সিএনজিচালক বাতেনের (৩০) লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নবাবগঞ্জে আসার পথে বেনুখালী এলাকার বাতেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যা করা হয়। পরে রাস্তার পাশে লাশ ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা। ঘাতকদের তথ্য অনুযায়ী দুই দিন ধরে খোঁজাখুঁজির পর বাতেনের লাশ বেনুখালী রাস্তার পাশে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠায়।এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।