নবাবগঞ্জে যুবলীগের এক পক্ষের মিছিলে অপর পক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের হলে অপর পক্ষের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যুবলীগের চার কর্মী আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, গতকাল রাত সাড়ে সাতটার সময় উপজেলা সদরের কাশিমপুর থেকে যুবলীগের নতুন থানা কমিটিকে অভিনন্দন জানিয়ে কাঞ্চনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় উপজেলার সামনে থেকে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আনন্দ মিছিলে হামলা করেন। এতে যুবলীগের কর্মী কাঞ্চন মিয়াসহ চারজন আহত হয়েছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু বলেন, গণতান্ত্রিক উপায়ে গঠিত যুবলীগের কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ মিছিল করলে যুবলীগের সাবেক উপজেলা যুগ্ম আহ্বায়ক ফরহাদ কবীর ও দেলোয়ারের নেতৃত্বে অস্ত্রধারী লোকজন হামলা চালিয়ে কর্মীদের আহত করে।এ ব্যাপারে ফরহাদ কবীর বলেন, ‘কে বা কারা মিছিল করেছে তা জানি না। হইচই শব্দ শুনে আমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লোকজনের ভিড় দেখতে পাই। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’আহত ব্যক্তিদের প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নিরাপত্তাহীনতার কারণে পরে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে কাঞ্চনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানা গেছে।নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা চলে যায়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। উল্লেখ্য, গত রোববার ঢাকায় স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বাসায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করে বলে জানা গেছে।