নবাবগঞ্জে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় ইসলাম হোসেন (২২) নামের যুবলীগের একজন কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের দুই কর্মী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম বক্সনগর ইউনিয়ন যুবলীগের কর্মী। বাড়ি দিঘিরপাড় খালপাড় গ্রামে। বাবার নাম মো. বাবু। আহত দুজন হলেন দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ কর্মী রাসেল আহমেঞ্চদ (১৮) ও শাকিল (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইসলাম, শাকিল ও রাসেল চক বক্সনগর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বক্সনগর বাসস্ট্যান্ড এলাকার মসজিদসংলগ্ন স্থানে ওত পেতে থাকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশফাকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন। সন্ত্রাসীরা তাঁদের গতিরোধ করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় শাকিল আহত হলেও পালিয়ে যেতে সক্ষম হন। তবে ইসলাম ও রাসেলকে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাঁদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত একটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল বলেন, ১৬ ডিসেম্বর বিজয়স্তম্ভে ফুল দেওয়ার সময় ছোট বক্সনগর এলাকার নান্নু নামের এক বিএনপি কর্মীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে একদল সন্ত্রাসী তাঁদের ওপর এ হামলা চালায়। নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।