নবাবগঞ্জে যুবলীগের নেতাকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের নতুন কমিটির সভাপতিকে একটি সামাজিক অনুষ্ঠানে যেতে বাধা দিয়েছেন একই সংগঠনের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ ঘটনার জের ধরে সভাপতির সমর্থকেরা উপজেলার টিকরপুরে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে যান চলাচল বন্ধ করে দেন।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের ঘোষিত নতুন কমিটির সভাপতি সারোয়ার হোসেন আট থেকে ১০টি মোটরসাইকেলযোগে নয়নশ্রী ইউনিয়নে সংগঠনের সাধারণ সম্পাদকের ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলেন। বাগমারা এলাকায় পৌঁছলে পদবঞ্চিত নেতা-কর্মীরা তাঁর গতি রোধ করে ধাওয়া করেন। সভাপতির সমর্থকেরা পিছু হটে টিকরপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে সারোয়ার হোসেন বলেন, ‘লাঠিসোঁঠা ও হাতুড়ি নিয়ে সন্ত্রাসীরা আমাকে একটি সামাজিক অনুষ্ঠানে যেতে বাধা দেয়।’ নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।